Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে রেশন নিয়ে ঘরে ফেরার পথে ধর্ষণের শিকার চা শ্রমিক, আটক ১

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০১৯

চা বাগান থেকে সাপ্তাহিক রেশন নিয়ে ঘরে ফেরার পথে ধর্ষণের শিকার হন মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের ৩০ বছর বয়সী এক নারী চা শ্রমিক।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় একই এলাকার শুক্কু গোমেজ (৩৫) নামে এক ব্যক্তি নারী শ্রমিককে নিয়ে ১০ নম্বর প্লান্টেশন এলাকার চা বাগানের নির্জন স্থানে ধর্ষণ করে ফেলে রাখে যায় বলে অভিযোগ উঠে। এ ঘটনার ৬ দিন পর বুধবার (২৭ নভেম্বর) রাতে কমলগঞ্জ থানায় ধর্ষণের শিকার নারীর ভাশুর  একটি মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ ধর্ষনের অভিযুক্ত শুক্কু গোমেজকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্কু গোমেজ নিয়মিত এ নারী চা শ্রমিককে উত্যক্ত করত। সে তাকে নানাভাবে কু-প্রস্তাব দিত। বৃহস্পতিবার নারী শ্রমিককে ধর্ষণ করে শুক্কু গোমেজ পালিয়ে যায়। পরে ধর্ষিতা নিজে বাড়ি ফিরে তার শশুরবাড়ির লোকজনকে ঘটনাটি জানান। এলাকাবাসী চা বাগান ব্যবস্থাপককে বিষয়টি অবহিত করেন।

রাতেই থানা কর্তৃপক্ষকে মৌখিকভাবে অবহিত করে নির্যাতিতাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে ধর্ষনের শিকার নারীর মেডিক্যাল চেকআপের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। নির্যাতিতা এখনও মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষনের অভিযুক্ত শুক্কু গোমেজকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.