Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে প্রবাসীর বাড়ি থেকে বিএমডব্লিউ গাড়ি জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩০ নভেম্বর, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের এক লন্ডন প্রবাসীর বাড়ি থেকে বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। শুক্রবার সকালে ওই গ্রামের গাজীউর রহমানের বাড়ি থেকে বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়িটি জব্দ করেন সিলেট শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, লন্ডন প্রবাসী গাজীউর রহমান কার্নেট সুবিধায় গাড়িটি দেশে এনে দীর্ঘদিন ব্যবহার করেন। নির্দিষ্ট মেয়াদ শেষে গাড়িটি তিনি গ্রামের বাড়িতে রেখে দেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। তবে গাজীউর রহমানকে পাওয়া যায়নি।

বাড়ির লোকজন জানায়, কোনো কাগজ ও গাড়ির চাবি তাদের কাছে নেই। সেখানকার রাস্তা সরু হওয়ায় রেকার যেতে পারে না বলে গোয়েন্দা সদস্যরা গাড়িটি স্থানীয় ইউপি সদস্য আজগর আলীর জিম্মায় রাখেন। আজ শনিবার সকালে গাড়িটি শুল্ক বিভাগের হেফাজতে আনা হবে।

সরজমিনে দেখা যায়, গাড়িটির মডেল থ্রি জিরো ডি বিএমডব্লিউ এক্স ৫। বর্তমানে ব্রিটেনে এ গাড়ির দাম ৫৭ হাজার থেকে ৭১ হাজার পাউন্ড (৬৫ থেকে ৭০ লাখ টাকা প্রায়)। গাড়িটি কার্নেট সুবিধায় বাংলাদেশে আনা হয়েছিল।

সিলেট কাস্টম গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, আমরা গাড়িটি জব্দ করে ইউপি সদস্যের জিম্মায় রেখেছি এবং স্থানীয় পুলিশকে অবহিত করেছি। আজ গাড়িটি আমাদের জিম্মায় নিয়ে যাব। এরপর যদি এর মালিক বৈধ কাগজ দেখাতে পারেন, তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যথায় কাস্টমের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে অভিযানের খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে হাবিবুর রহমান জানান, তারা শুল্ক বিভাগকে সব ধরনের সহায়তা করবেন। গাড়িটি দেখাশোনার জন্য সেখানে দুজন পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আজগর আলী জানান, গাড়িটি আমার জিম্মায় আছে। আজ সকালে গাড়ির মালিক গাজীউর রহমান ঢাকা থেকে এসে চাবি দেবেন এবং পুলিশের কাছে হস্তান্তর করবেন।

এ ব্যাপারে গাজীউর রহমানের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাই জানান, সরকারের যেকোনো দপ্তর গাড়ি নিতে চাইলে আমরা অবশ্যই তাকে সহযোগিতা করব। আমরা বিষয়টি আইনগতভাবেই দেখব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.