Sylhet Today 24 PRINT

অবশেষে কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন, ৩২ জনকে অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

অবশেষে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অভিযােগ গঠন হলো। আজ সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে আলোচিত এ মামলার অভিযোগ গঠন হয়। মোট ৩২ জনকে অভিযুক্ত করে অবিযোগ গঠন করেন দ্রুত বিচার ট্রইব্যুনালের বিচারক মকবুল আহসান।

এর আগে আদালতে সকল আসামী উপস্থিত না হওয়ায় নয় দফা পিছিয়ে যায় অভিযোগ গঠনের তারিখ। এরফলে দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে মামলাটি ফের হবিগঞ্জ জজ আদালতে ফিরে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিলো।

তবে আজ সকালে এই মামলায় কারাবন্দি থাকা ১৪ আসামীকেই আদালতে হাজির করা হয়েছে। এই ১৪ জন ছাড়াও জামিনে থাকা আরো ৮ জন ও পলতাক থাকা ১০ জনসহ মোট ৩২ জনকে অভিযুক্ত করে কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠন করেন বিচারক।

এ মামলায় গ্রেফতারে থাকা আসামীদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার বহিস্কৃত মেয়র জিকে গৌছ, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ১৪ জন।

এরআগে সিলেট সিটি করপোরশেনের বহিস্কৃত মেয়র আরিফুল হক চৌধুরীর অনুপস্থিতির কারণে ৯ দফা পিছিয়ে যায় মামলাটির অভিযোগ গঠন। এই মামলায় কারান্তরীন আরিফ অসুস্থ হয়ে ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.