Sylhet Today 24 PRINT

পরিবহন সেক্টরের কিছু মানুষ নৈরাজ্য চালাচ্ছেন: সিলেটে ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিবেদক |  ০১ ডিসেম্বর, ২০১৯

নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, আমি কারো পক্ষে বা বিপক্ষে কথা বলি না। আমি অনিয়মের বিরুদ্ধে কথা বলি। যারাই অনিয়ম করেন, তাদের বিপক্ষে কথা বলি। কোনো চালক যদি মনে করেন, আমি তাদের বিরুদ্ধে কথা বলি, এটা দুঃখজনক।

জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা শুরু থেকেই নতুন সড়ক আইনের প্রতি স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দিয়ে গেছেন। কিন্তু পরিবহন সেক্টরের কিছু মানুষের নৈরাজ্যের কারণে আপনাদেরও ভোগান্তি হচ্ছে। তবে আমি মনে করি এই ভোগান্তি সাময়িক। দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আপনাদের এরকম সাময়িক ভোগান্তি পোহাতে হতে পারে। আপনারা ধৈর্য হারাবেন না।

রবিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ সড়ক চাই’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এরআগে নিসচা'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নগরীতে র‍্যালি করা হয়। র‍্যালিটি জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয় এবং এরপর শুরু হয় আলোচনা সভা।

এতে অন্যদের মধ্যে রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, পরিচালক নজরুল ইসলাম প্রমুখ।

নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেলের পরিচালনায় এ অনুষ্ঠানে নিরাপদ সড়ক বাস্তবায়নে অবদানের স্বীকৃতি হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ কমিশনার ফয়সল মাহমুদকে সম্মাননা প্রদান করা হয়।

এরআগে সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী শোভাযাত্রার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি বলেন, সরকার সড়কে মৃত্যুর মিছিল বন্ধে বদ্ধপরিকর। জনগনের নিরাপত্তার প্রশ্নে সরকার কারো সঙ্গে আপোষ করবে না। কিছু মানুষের মধ্যে আইন না মানার প্রবণতা রয়েছে। এটা খুবই খারাপ কাজ। তিনি বলেন, নতুন সড়ক আইন মেনে চলতে পরিবহন শ্রমিকসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

এ সময় ফানুস উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন তারা। শোভাযাত্রায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের অংশগ্রহণ করেন।

শোভাযাত্রার উদ্বোধনকালে ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক পরিবহন আইন কারও বিপক্ষে নয়, সাধারণ মানুষের জানমালের সুরক্ষার জন্যই এই আইনের বাস্তবায়ন করা জরুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.