Sylhet Today 24 PRINT

বাহুবলে উৎকোচ গ্রহণের দায়ে ইউপি সদস্যের স্বামীর কারাদণ্ড

বাহুবল প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০১৯

হবিগঞ্জের বাহুবল উপজেলায় বয়স্ক ভাতা বিতরণের সময় উৎকোচ গ্রহণের অভিযোগে কাজল দেব (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা হক এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত কাজল দেব উপজেলার সদর ইউনিয়নের বাহুবল গ্রামের খীরুত দেব এর ছেলে। তিনি বাহুবল সদর ইউনিয়ন এর সংরক্ষিত ওয়ার্ড (৭, ৮ ও ৯) এর সদস্য শিল্পী রাণীর স্বামী।

জানা যায়, বাহুবল উপজেলা সমাজ সেবা অফিস কর্তৃক বয়স্ক ভাতার কার্ডের টাকা সোনালী ব্যাংক থেকে উত্তোলন করতে যায় ভাতা ভোগীরা। এসময় কাজল দেব ব্যাংকে দাড়িয়ে প্রতিটি ভাতা ভোগীদের কাছ থেকে ১ হাজার টাকা করে উৎকোচ (ঘুষ) গ্রহণ করেন। এসময় এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে হাতে নাতে আটক করে বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যায়।

পরে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আয়েশা হক এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.