Sylhet Today 24 PRINT

বড়লেখায় কলেজ ছাত্রীর মৃত্যু

বড়লেখা প্রতিনিধি |  ১৩ সেপ্টেম্বর, ২০১৫

মৌলভীবাজারের বড়লেখায় সুস্মিতা নন্দী সুমি (১৮) নামে এক কলেজ ছাত্রী মারা গেছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে তাঁর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে আত্মীয়স্বজন বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সুস্মিতা নন্দী বড়লেখার তেলিগুল এলাকার দুবাই প্রবাসী সত্যেন্দ্র নন্দীর মেয়ে এবং বড়লেখা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে সুস্মিতার জ্বর ছিল। রবিবার সকালের দিকে তাঁর কক্ষের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কিন্তু দরজা না খোলায় সকাল সাড়ে ১১টার দিকে দরজা ভেঙে পরিবারের লোকজন কক্ষে প্রবেশ করেন। এ সময় তাঁকে ওড়না প্যাচানো অবস্থায় ঘরের কড়িকাঠের সাথে ঝুলন্ত দেখতে পান। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে সে আত্মহত্যা করেছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা সঠিক বলতে পারেননি পরিবারের সদস্যরা।

তবে নির্ভরযোগ্য সূত্র জানায়, সুস্মিতাকে গলায় ওড়না প্যাচানো নয় বিছানায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান সুস্মিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যাই বলে মনে হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.