Sylhet Today 24 PRINT

সিলেটে ‘ই ট্রাফিকিং সিস্টেম’-এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক |  ১১ ডিসেম্বর, ২০১৯

সিলেট বিভাগে যাত্রা শুরু করলো ‘ই ট্রাফিকিং সিস্টেম’। এখন থেকে বিভাগের চার জেলায় যানবাহনের মালিক ও চালকরা ‘ইউ ক্যাশ’র মাধ্যমে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন জরিমানার টাকা।

এতে হয়রানি কমার পাশাপাশি ট্রাফিক পুলিশের কার্যক্রমেও স্বচ্ছতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার বিকেলে সিলেট নগরীর রিকাবিবাজারস্থ পুলিশ লাইন্সে ‘ই ট্রাফিকিং’ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে গ্রামীণফোন ও ইউসিবিএল’র ‘ইউ ক্যাশ’র সাথে সিলেট বিভাগের চার জেলার পুলিশের চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম।

সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র।

বক্তারা বলেন, ‘ই ট্রাফিকিং’ সিস্টেম চালু হওয়ায় এখন জরিমানার টাকা পরিশোধের জন্য কাউকে ট্রাফিক অফিসে যেতে হবে না। ঘরে বসে বা যে কোন ইউক্যাশ সেন্টার থেকে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন।

অনুষ্ঠানে বক্তারা নতুন সড়ক আইন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সবাই সচেতন হলেই সড়ককে নিরাপদ ও সুশৃঙ্খল করা সম্ভব হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.