Sylhet Today 24 PRINT

‘দেশের জন্য আত্মত্যাগকারী সবাই আমাদের গর্ব’

দিরাই প্রতিনিধি |  ১৪ ডিসেম্বর, ২০১৯

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা লাভ করেছি সে স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা সবাই মিলে সমুন্নত রাখতে কাজ করে যেতে হবে। দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন সে সকল শহীদরা হচ্ছেন আমাদের গর্ব, তাদের এ ত্যাগের মূল্যায়ন আমাদের করতেই হবে। শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা আজ হাওরের এসেছি। হাওরের মানুষের দেশের প্রতি যে অনুরাগ সেটা কখনো ভোলার নয়।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিরাই উপজেলার রফিনগর গ্রামের স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া নুর হোসেনের মায়ের সাথে সাক্ষাতকালে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সিকদার, প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ান খান প্রমুখ।

অপর দিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলার শ্যামরচর বাজারের বধ্যভূমি পরিদর্শন ও বীরাঙ্গনাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুখলেছুর রহমান। শহীদ জগৎজ্যোতির পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাসেদুল হক চৌধুরী।

সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মো.সফি উল্লাহর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভাইস চেয়ারম্যানগণ দিরাই বাজার সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প নির্মাণের স্থান পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.