Sylhet Today 24 PRINT

৪৯তম বিজয় দিবস উপলক্ষে ৪৯ কিলোমিটার হাঁটলেন তারা

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ডিসেম্বর, ২০১৯

৪৯ তম বিজয় দিবস উপলক্ষে ৪৯ কিলোমিটার হাঁটলেন সিলেটের একদল সাইকেলিস্ট। ‘সাইকেল ট্রাভেলার্স অফ সিলেট’ নামের একটি সংগঠনের সদস্য তারা। সংখ্যায় মোট ১০জন। তার মধ্যে দু'জন আবার পঞ্চাশোর্ধ।

শনিবার (১৪ ডিসেম্বর) ভোরে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জড় হন তারা। তারপর চৌহাট্টা বুদ্ধিজীবী সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন যাত্রা শুরু করেন এই সাইকেলিস্টরা। এরপর দক্ষিণ সুরমার লালমাটিয়া বধ্যভূমির হয়ে বালাগঞ্জের আদিত্যপুর গণকবরে গিয়ে শেষ হয় তাদের যাত্রা।

‘মুক্তিযুদ্ধের জন্য একদিন’ নামের এ কর্মসূচি গত বছর থেকে পালন করছেন তারা। গতবছর ৪৮ কিলোমিটার হেঁটে ১৭ জন পরিব্রাজক ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন। এবছর দ্বিতীয় বারের মতো পায়ে হেঁটে বধ্যভূমির খোঁজে বের হন ‘সাইকেল ট্রাভেলার্স অফ সিলেট’-এর সদস্যরা।

এবার হন্টকদের মধ্যে ছিলেন- কাজি সাহি, নুরুল ইসলাম, নাজমুল হুদা জুনেদ, এঋক কায়সার, ইমাদ উদ্দিন তাসকির, মেহেদী হাসান, বুলবুল আহমেদ, রেজোয়ান আহমেদ তানভীর এবং প্রবীণ দুই ব্যক্তি সৈয়দ তাওহিদুল ইসলাম তাহিদ ও কাজী সোহেল তানভীর মাহমুদ।

যাত্রাকালে তারা প্রথম চৌহাট্টা থেকে আম্বরখানা-সাপ্লাই রোড হয়ে শাহী ঈদগাহস্থ আবহাওয়া অফিসের গণকবরে যান। সেখানে ফুল দিয়া শ্রদ্ধা জানান। সেখান থেকে ঝর্নারপার-কুমারপাড়া-নাইওরপুল-মিরাবাজার-শিবগঞ্জ-উপশহর-মেন্দীবাগ-শাহজালাল ব্রিজ-হুমায়ুন রশীদ চত্বর-শিববাড়ি হয়ে লালমাটিয়া পৌঁছেন।

লালমাটিয়া তে উপস্থিত ছিলেন সেখানকার গণহত্যার প্রত্যক্ষদর্শী জামাল উদ্দিন, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার ভবতোষ বর্মণ, সদস্য গোলজার খান ও সঞ্জয় কুমার দাস। লালমাটিয়ায় সংক্ষিপ্ত আলোচনা সভায় এই বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানানো হয়।

লালমাটিয়া থেকে আবার লালাবাজার-রশিদপুর-তাজপুর হয়ে তারা আদিত্যপুর গণকবরে পৌঁছান সন্ধ্যা সাতটা নাগাদ। সেখানে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মূল উদ্যোক্তা কাজি সাহি বলেন, আমরা এই কর্মসূচীর মাধ্যমে সিলেটের অবহেলিত বধ্যভূমিগুলো সকলের নজরে নিয়ে আসতে চাই। এছাড়া মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিজে জানা ও অন্যকে জানানো এবং জানতে আগ্রহী করে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.