Sylhet Today 24 PRINT

মাটির গানে ঊষা লোকউৎসব সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ডিসেম্বর, ২০১৯

চা বাগানের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা ঊষা রোববার আয়োজন করে লোকউৎসব-২০১৯। উৎসবে কলকাতার যে দলটি গান পরিবেশ করে তার নাম- মাটির গান। রোববার সন্ধ্যেয় সত্যিকার অর্থেই মাটির গান আর সুরে মজেছিলেন লাক্কাতুরা চা বাগানের গলফ ক্লাবে হাজির হওয়া দর্শক-শ্রোতা।

শ্রোতাদের বেশিরভাগই চা বাগানের শ্রমিক। নিত্য অভাবের সংসারে গান-বাজনা শোনার সুযোগ যাদের তেমন হয় না। কেউ এমন আয়োজনও করে না। শনিবার যে সুযোগ করে দিয়েছিলো ঊষা। শিল্পীদের তালিকায়ও ছিলো চা বাগানের শিশুরা। আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি চা বাগানের শিশুরাও গান-নাচ-ধামাইলে মুদ্ধ করে দর্শকদের।

সন্ধ্যায় এই উৎসবের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোকসঙ্গীত শিল্পী সুষমা দাশ। এরপরেই মঞ্চে আসে কলকাতার লোকগানের দল 'মাটির গান'। একে একে বিভিন্ন অঞ্চলের লোকগান শোনান মাটির গান'র শিল্পীরা।

এরপর গান শোনান অর্নব ও মৌ। কুয়াশা ভেজা শীতের রাতে জবুথবু দর্শকদের লোকগানে নাচিয়ে তোলেন তারা। গানের মাঝে মাঝে ছিলো নৃত্য, ধামাইল গান, ঊষা শিক্ষার্থীদের পরিবেশনাসহ নানা আয়োজন।

এই লোক উৎসব সফল করে তোলতে সকলের সহযোগিতার জন্য ঊষার সমন্বয়ক নিগার সাদিয়া'র ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.