Sylhet Today 24 PRINT

নানা আয়োজনে বড়লেখায় বিজয় দিবস উদযাপন

বড়লেখা প্রতিনিধি |  ১৬ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমার, বাংলাদেশ পুলিশ বড়লেখা থানা, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, বড়লেখা পৌরসভা, বড়লেখা হাসপাতাল, বড়লেখা প্রেসক্লাব, বড়লেখা সরকারি কলেজ, মৌলভীবাজার পল্লি বিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, পাথারিয়া ছোটলিখা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়, বড়লেখা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ, নজরুল একাডেমি বড়লেখা।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ৯টায় পাথারিয়া ছোটলিখা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, কাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়। পরে শিক্ষার্থীরা শরীরচর্চা প্রদর্শন করে।

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান চুন্নু ও মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ। পরে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রহণকারী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এছাড়া দুপুরে বড়লেখা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের বিজয় শোভাযাত্রা বের করা হয়। বিজয় শোভাযাত্রা শেষে স্থানীয় আহমদ ম্যানশনের সামনে পথসভা করা হয়।

অপরদিকে উপজেলা বিএনপি, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ, বড়লেখা নজরুল একাডেমি, ইন্টারন্যাশনাল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন দিবসটি উদযাপন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.