ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি | ১৬ ডিসেম্বর, ২০১৯
ফেঞ্চুগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয়ের সূচনা লগ্নে সূর্যোদয়ের সাথে সাথে ফেঞ্চুগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে সকাল ৬ টায় উপজেলা উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, থানা পুলিশ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, বিএনপি ও তার অঙ্গসংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে ফেঞ্চুগঞ্জ উপজেলা হেলিপ্যাড মাঠে জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করা হয়। এসময় সালাম গ্রহণ করেন, সিলেট- ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান নুরূল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএস জাহিদুর রহমান ও থানার অফিসার ইনচার্জ আবুল বাসার বদরুজ্জামান।
এসময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের সূচনা করা হয়। পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরূমে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আর উপস্হিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, সহকারী কমিশনার ভূমি মৌসুমি মান্নান, শিক্ষা কর্মকর্তা সৈয়দ নুরুল হুদা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিক উদ্দিনসহ সকল কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা
সংবর্ধনা শেষে শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে বিজয় দিবসের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সহ নানা কর্মসূচী পালনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে দিবসটি পালিত হয়।
সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।