Sylhet Today 24 PRINT

জুড়ী থানা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের পরিবারকে সম্মাননা

জুড়ী প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের উদ্যোগে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের সকালে মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের উদ্যোগে এবং জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের আয়োজনে জুড়ী থানায় কর্মরত (পুলিশ সদস্য ও অফিসার) বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সারা দেশের পুলিশ বিভাগে এটা ছিল ভিন্ন ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ ও অনন্য আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সম্পাদক শেখরুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন, জুড়ী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক এবিএম নুরুল হক, সাবেক সাধারণ সম্পাদক এম এম সামছুল ইসলাম, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সভাপতি এস এম জালাল উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাদক নির্মূল কাজে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করায় মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রিল্যান্স ক্রাইম জার্নালিস্ট এস এম জালাল উদ্দিনকে ও জুড়ী থানার পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পুলিশ সদস্যদের মধ্যে সম্মাননা স্মারক গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের জুড়ী থানার এএসআই, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. কামাল হোসেন, মো. মনির হোসেন, মো. আবুল হাসেম, মো. সাইফুর রহমান, মো. মাসুদ পারভেজ, মো. ইব্রাহীম হোসেন, মো. তারেকুর রহমান, মো. নুরুজ্জামান, মো. রিপন মিয়া, আমিনুল ইসলাম ও মো. ইমরান মিয়া প্রমুখ।

বিজয় দিবসের অনুষ্ঠানে জুড়ী থানায় কর্মরত সকল মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এবং ইন্সপেক্টর তদন্ত আমিনুল ইসলামকে সম্মাননা স্মারক তুলে দেন জুড়ী থানায় কর্মরত পুলিশ সদস্য মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এম এ হাসেমসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার পুলিশ পরিবারের সদস্যদের মধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সম্মান প্রদান করায় গর্ববোধ করেন। সেই সাথে স্বাধীনতা সংগ্রামে শহীদ, যুদ্ধাহত ও মুক্তিযুদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.