Sylhet Today 24 PRINT

বড়লেখায় অগ্নিকাণ্ডে আশ্রয়হীন পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নতুন ঘর নির্মাণের আশ্বাস

বড়লেখা প্রতিনিধি  |  ১৭ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় অগ্নিকাণ্ডে আশ্রয়হীন একটি পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামের একটি বসতঘরে আগুন লেগে আশ্রয় হারায় নছির উদ্দিনের পরিবার।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে তাৎক্ষণিক পরিবারটির পাশে দাঁড়ান বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। এসময় পরিবারটির হাতে নগদ পাঁচ হাজার টাকা ও দশটি কম্বল তুলে দেন।

এর আগে সোমবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গোপালপুর গ্রামের নছির উদ্দিনের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ভস্মীভূত হয় বসতঘরটি। অগ্নিকাণ্ডে ঘরে থাকা সকল আসবাবপত্র, নগদ টাকা, কাপড়, চালসহ মালামাল আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে আশ্রয়হীন হয়ে পড়ে পরিবারটি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। পরিদর্শনে এসে সব হারানো পরিবারটির পাশে তাৎক্ষণিক দাঁড়ান তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান তাৎক্ষণিক পরিবারটির হাতে নগদ পাঁচ হাজার টাকা ও দশটি কম্বল তুলে দেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, তালিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপজেলার এ নির্বাহী কর্মকর্তা বলেন, ‘অগ্নিকাণ্ডে পরিবারটি সব হারিয়েছে। তাদের থাকার কোনো জায়গা নেই। অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। শীতের সময়। তাদেরকে প্রাথমিকভাবে নগদ টাকা ও কিছু কম্বল দিয়েছে। দুই-তিনদিনের মধ্যে তাদের থাকার জন্য নতুন একটি ঘর নির্মাণ করে দেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.