কানাইঘাট প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৯
সিলেটের কানাইঘাটে অলিউর রহমান (৭০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরেই তাকে খুন করা হয়েছে। তবে পুলিশ বলছে নিহতের শরীরে জখমের আলামত পাওয়া যায়নি। এদিকে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের ছোট ভাই ও ভাতিজাসহ ৩ জনকে আটক করেছে কানাইঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় কানাইঘাট সদর ইউনিয়নের উমাগড় গ্রামে এ ঘটনাটি ঘটে। আটককৃতরা হলেন, নিহতের ছোট ভাই খলিলুর রহমান, তার স্ত্রী রহিমা বেগম ও ছেলে মামুন আহমদ।
এদিকে অলিউর রহমানকে খুন করা হয়েছে এমন খবর পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট থানার সার্কেল এএসপি আব্দুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত অলিউর রহমান উমাগড় গ্রামের মৃত তুতা মিয়ার ছেলে। তিনি একজন কলা বিক্রেতা ছিলেন। তার তিন মেয়ে রয়েছে। কোন ছেলে সন্তান না থাকায় নিহত অলিউর রহমানের ভিট বাড়ির উত্তর পাশে একখণ্ড জমি আত্মসাৎ করার জন্য দীর্ঘদিন ধরে ছোট ভাই খলিলুর রহমানসহ তার পরিবারের লোকজনেরা চেষ্টা চালিয়ে আসছিল।
তারা আরও জানান, মঙ্গলবার সকালে জমির দলিল করে দেওয়ার জন্য নিহত অলিউর রহমানকে খলিল ও তার পরিবারের লোকজন ব্যাপক মারধর করে নিজ ঘরে তালাবন্ধ করে রাখেন। পরে নিহতের মেয়ে তালা খুলে বাবার লাশ দেখতে পান।
এ ব্যাপারে কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকারের বলেন, নিহতের গায়ে কোন জখমের আলামত পাওয়া যায়নি। তাই নিহতের লাশ ময়না তদন্তের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।