ছাতক প্রতিনিধি | ১৭ ডিসেম্বর, ২০১৯
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নে বর্তমান আওয়ামী সরকার দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। বর্তমানে পায়ে হেঁটে গন্তব্যে পৌছার আর দুশ্চিন্তা করতে হয়না। গ্রামের সাথে জেলা-উপজেলার সহজ সড়ক যোগাযোগ নিশ্চিত হওয়ায় মানুষের জীবন যাত্রার মান উন্নত হয়েছে। সড়ক যোগাযোগের উন্নয়নের ফলে গ্রামের মানুষ এখন গাড়ি নিয়ে বাড়ি পৌছতে পারছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী চিন্তা-চেতনা থেকেই দেশের এমন অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ছাতক-দোয়ারা সড়কে ২০ কোট ১৩ লক্ষ টাকা ব্যয়ে ঠেংগারগাঁও, লক্ষ্মীবাউর ও নঈনগাঁও খালে ৩টি গার্ডার সেতু নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের সাথে ছাতক-দোয়ারাকে যোগাযোগের ক্ষেত্রে ঢেলে সাজানো হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করতে ব্রিজ-কালভাট নির্মাণ করে সড়ক যোগাযোগ সৃষ্টি করা হয়েছে। এখন ছাতক-দোয়ারার মানুষ যাতায়াতের জন্য নৌ-যানের উপর নির্ভর করতে হয় না।
ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগ নেতা আব্দুস ছাত্তার ও স্বেচ্ছাসেবকলীগ নেতা কামরুজ্জামান দিলালের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সওজ’র উপ বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী রমজান আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, বিল্লার আহমদ, ইউপি সদস্য আখলুছ মিয়া, আলতাব হোসেন, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, আব্দুর রহিম, সমরু মিয়া তালুকদার, সমছু মিয়া তালুকদার, ফয়াজ আহমদ ভুট্টু, স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল হক তালুকদার, আব্দুল আওয়াল, যুবলীগ নেতা রেজাউল হক তালুকদার, আনোয়ার হোসেন, উস্তার আলী, সাহিদ আলী, আব্দুল কাদির প্রমুখ।