সিলেটটুডে ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০১৯
কোম্পানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদের বিরুদ্ধে টিলাভূমি জবরদখল ও চাঁদাবাজির অভিযোগ করেছেন উপজেলার পশ্চিম বর্ণি গ্রামের আজির উদ্দিন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আজির উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারী সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও শারপিন টিলাকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে চলে আসছে লুটপাট, খুন-রাহাজানি, জবরদখল ও চাঁদাবাজির মহোৎসব। এ পাথর কোয়ারীর দখল ও চাঁদাবাজি নিয়ে গত কয়েক বছরে অর্ধশত অধিক মানুষের প্রাণহানি ঘটেছে। মামলা ও হামলা হয়েছে শত শত। কিন্তু আজ পর্যন্ত কোনভাবে চাঁদাবাজি, দখলবাজি ও প্রাণহানি বন্ধ হয়নি। পায়নি স্বজনহারা, সর্বহারা ও স্বত্ত্বহারা মানুষজন ন্যায়বিচার।
সংবাদ সম্মেলনে বলা হয়, শারপিন টিলার অন্তর্গত মটিয়া টিলায় রয়েছে আজির উদ্দিনের স্বত্বদখলীয় ১ দশমিক ৪৩ একর পাথুরে ভূমি । যা উপজেলার চিকাডহর মৌজার এস এ খতিয়ান-৩১, বিএস ছাপা খতিয়ান ২০, এসএ-১/১২৫ ও বিএস-১৮০ এতে দশমিক ০৮ একর এবং দাগ নং ১/১২৫, বিএস-১৭৮ এতে মোট ১ দশমিক ৩৫ একর আমন রকম ভূমি। ওই ভূমির মালিক ভোগদখল করে আসছেন। সম্প্রতি মটিয়া টিলাস্থ আমাদের স্বত্বদখলীয় ওই ভূমির উপর শ্যানদৃষ্টি পড়ে উপজেলা চেয়ারম্যান শামীম ও তার সন্ত্রাসী বাহিনীর। তারা এই ভূমি আত্মসাৎ করতে চাইলে আদালত দিয়ে তাদের প্রতিরোধ করা হয়।
সিলেটের সহকারী জজ (কোম্পানীগঞ্জ)আদালত ৬৫/২০১৬ নং স্বত্ব মোকদ্দমায় তাদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করলে তারা আমাদের স্বত্ব ও দখল কেড়ে নিতে ব্যর্থ হয়। কিন্তু এতে করেও শামীম বাহিনী বসে থাকেনি। তারা এ স্বত্বদখলীয় ভূমির উপর মোটা অংকের চাঁদা দাবি করে বসে। চাঁদা না দিলে তারা আমাদের এ ভূমি খোদাই করে জোরপূর্বর পাথর তুলে নেবে এবং আমাদের খুন ও গুম করে ফেলবে বলে হুমকি দিতে থাকে।
সংবাদ সম্মেলনে আজির উদ্দিন বলেন, গত ২৪ নভেম্বর মটিয়াটিলায় সশস্ত্র হানা দেয় শামীম বাহিনী। তারা হচ্ছে, উপজেলা চেয়ারম্যান শামীমের বড়ভাই বিলাল হোসেন, ভাতিজা কেফায়েত উল্লাহ, নারাইনপুর গ্রামের আঞ্জব আলী আঞ্জু, আঞ্জব আলী আঞ্জু’র পুত্র রাজু ও শাহরিয়ার এবং এসএমপি, সিলেট’র দক্ষিণ সুরমার গোপশহরের এমদাদুল হকসহ শামীম বাহিনীর আরো প্রায় ১৫/২০ জন। তারা আমার কাছে ৫ লাখ চাঁদা দাবি করে। অন্যথায় তারা আমাদেরকে এই ভূমি ভোগদখল করতে দেবে না, স্বজনপরিজনদের হত্যা ও গুম করে ভূমি জবরদখল ও পাথর লুট করে নেবে বলে হুমকি দেয়।
চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা অস্ত্রের মুখে আমাদের মটিয়াটিলার ভূমি হতে পাথর লুটপাট শুরু করে। ওইদিন থেকে শুরু করে আজ পর্যন্ত অস্ত্রের মুখে শামীম ও তার লোকজন আমাদের স্বত্বদখলীয় মটিয়াটিলার ভূমি থেকে প্রায় ১০ লাখ টাকার পাথর লুট করে নেয় এবং ভূমি খোদাই করে আরও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি করে।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে শামীম ও তার বাহিনী আজির উদ্দিনকে হত্যা ও গুম করায় ভয় দেখায় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গত ১২ ডিসেম্বর সিলেটের পুলিশ সুপার বরাবরে শামীম ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, প্রাণনাশের হুমকি ও ক্ষতিসাধনের লিখিত অভিযোগ করেন আজির উদ্দিন। তিনি বলেন, এর আগে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দিলেও শামীমের প্রভাবেই অভিযোগ আমলে নেয়নি থানা পুলিশ। গত ১৫ ডিসেম্বর থানায় এই ব্যাপারে এজাহার দায়ের করা হয়। ফলে শামীম ও তার বাহিনী আরো বেপরোয়া হয়ে উঠে এবং অস্ত্রের মুখে আমাদের স্বত্বদখলীয় মটিয়াটিলার ভূমি খোদাই করে সাবাড় করে চলেছে। পরিবেশ ধ্বংসের পাশাপাশি লুটে নিচ্ছে আমাদের মালিকানা ভূমির লাখ লাখ টাকার পাথর সম্পদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা লংঘন করে শামীম ও তার বাহিনী ভূমি থেকে জোরপূর্বক লুটে নিচ্ছে লাখ লাখ টাকার পাথর সম্পদ। তাদের এই লুটতরাজ ও রাহাজানীর প্রতিরোধ করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দেয়ায় তারা এখন স্বজনদের হত্যা ও গুম করে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে। ফলে আজির উদ্দিন ও তার স্বজনরা ঘরবাড়ি ছেড়ে ভবঘুরে দিন যাপন করতে হচ্ছে। শামীম বাহিনীর কবল ও অনিষ্ট সাধন থেকে আমার জানমাল ও সহায় সম্পদ রক্ষায় আজির উদ্দিন প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও দ্রুততর পদক্ষেপ কামনা করেন।