Sylhet Today 24 PRINT

চলে গেলেন মুক্তিযোদ্ধা আতাউর রহমান

কুলাউড়া প্রতিনিধি |  ১৯ ডিসেম্বর, ২০১৯

অনেকটা অভিমান নিয়ে নীরবে নিভৃতে চলে গেলেন একাত্তরের রণক্ষেত্রের বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান আতা (৭৫)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কুলাউড়া পৌর শহরের উত্তরবাজারস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, মুক্তিযোদ্ধা আতাউর রহমান আতা সুস্থ থাকাবস্থায় কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত রোগে আক্রান্ত হয়ে প্রায় দুই বছর ধরে বিছানায় শয্যাশায়ী ছিলেন এই মুক্তিযোদ্ধা। বৃহস্পতিবার তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায় নেমে আসে। ওই দিন বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে তাঁকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়। রাতে এশার নামাজের পর উত্তরবাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

এদিকে মুক্তিযোদ্ধা আতাউর রহমান আতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৌলভীবাজার ২ আসনের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, পৌর মেয়র শফি আলম ইউনুছ, বিএমএ সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.