Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ধর্ষণ মামলার সাক্ষী হওয়ায় প্রতিবন্ধীকে হুমকির অভিযোগ

সংবাদ সম্মেলন

কমলগঞ্জ প্রতিনিধি |  ২২ ডিসেম্বর, ২০১৯

ধর্ষণ মামলার সাক্ষী হওয়ায় আসামি কর্তৃক এক প্রতিবন্ধীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বৈদ্যনাথপুর-রাঙ্গাটিলা গ্রামের প্রতিবন্ধী ব্যবসায়ী সাইফুল ইসলাম।

তবে অভিযোগ বিষয়ে আসামি নিজাম উদ্দিন হুমকির ঘটনার অস্বীকার করে বলেন, মিথ্যা ধর্ষণ মামলা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ তোলা হয়েছে।   

লিখিত বক্তব্যে বলা হয়, পতনউষার ইউনিয়নের বৈদ্যনাথপুর-রাঙ্গাটিলা গ্রামের আক্তার আলী ২০১৮ সনের ১৩ সেপ্টেম্বর কমলগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এই মামলার বাদী আক্তার আলী আমাকে সাক্ষী করার কারণে মামলার আসামি নিজাম উদ্দিন, সাজিদ মিয়া, জাহাঙ্গীর আলী, শাহিন আলী ও তাদের আত্মীয় মঈন উদ্দিন, সালাউদ্দিন, রিয়াজ উদ্দিন, শিপা বেগম, শিল্পী বেগম, জে কলি,সাক্ষী না দেওয়ার জন্য আমাকে হুমকি ধমকি দিচ্ছেন।

তাদের হুমকি ধমকির বিষয়ে আমি গত ১৫ ডিসেম্বর মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা দায়ের করি। মামলা দায়েরের পরও আসামিরা আমাকে নানাভাবে হুমকি ধমকি ও আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতে তারা নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা আমাকে রাস্তাঘাটে মেরে ফেলার চেষ্টায় লিপ্ত।

তাদের হুমকি ধমকিতে তিনি আতঙ্কগ্রস্ত বলে দাবি করে জানমালের নিরাপত্তা রক্ষায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

তবে অভিযোগ বিষয়ে নিজাম উদ্দিন বলেন, আমার মাছ ধরার একটি খাদে সাইফুল ইসলাম সবসময় কাঁচের বোতল ফেলে রাখে। মাছ ধরার সময় বোতলের আঘাতে পা ক্ষতবিক্ষত হয়। বিষয়টি সাইফুলের ভাইসহ জনপ্রতিনিধিদের অবহিত করি। এবছর আবার বোতল ফেলার কারণে আমি পতনঊষার ইউনিয়ন গ্রাম আদালতে সাইফুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি। এই মামলা দায়েরের পরই সাইফুল আমাদের বিরুদ্ধে আদালতে মামলা ও মিথ্যা অভিযোগ তুলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.