Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০১৯

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ ডিসেম্বর) হাসপাতালে রোগীদের সিট প্রদানে ঘুষ গ্রহণের অভিযোগে এই অভিযান পরিচালনা করেছে দুদক।

দুদকের সিলেট কার্যালয়ের থেকে জানা গেছে, দুদক এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের প্রেক্ষিতে রোববার ওসমানসী হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন।   

অভিযানকালে দুদক কর্মকর্তারা দেখতে পান, ওসমানী হাসপাতালের বেশ কিছু পেয়িং বেড খালি থাকা সত্ত্বেও রোগীদের সেটি বরাদ্ধ দেওয়া হচ্ছে না। আসন না পেয়ে মেঝেতে এমনটি বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী।

এ বিষয়ে দুদক কর্মকর্তারা হাসপাতালের পরিচালকের কাছে জানতে চাইলে পরিচালক জানান, পেয়িং বেডের জন্য টাকা প্রদান করতে হয়। স্বল্প আয়ের রোগীরা পেয়িং বেড থাকতে না চাওয়ায় পেয়িং বেড খালি থাকে। অথচ নন-পেয়িং বেডে রোগীরা আসন পান না।

দুদক কর্মকর্তা এ সমস্যা দূরীকরণে কিছু সংখ্যক পেয়িং বেডকে নন-পেয়িং বেড হিসেবে ঘোষণার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সুপারিশ প্রদান করে।

এ ব্যাপারে রোববার সন্ধ্যায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ইউনুছ রহমান সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, পেয়িং বেড সংশ্লিষ্ট একটি অভিযোগে দুদকের একটি টিম এসেছিল। সরকারী নীতিমালা অনুযায়ী পেয়িং বেডে রোগীদের যেভাবে আসন দিতে হয় আমরা সেভাবেই দিচ্ছি। আমরা সেটা বলেছি তাদের। তারা এ সংক্রান্ত বিষয়ের নীতিমালা সম্পর্কে অবগত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.