Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে পৌঁছেছে মহসিন আলীর মরদেহ

মৌলভীবাজার সংবাদদাতা |  ১৬ সেপ্টেম্বর, ২০১৫

সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর মরদেহবাহী কফিন মৌলভীবাজারে  পৌঁছেছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ২৫ মিনিটে মরদেহবাহী হেলিকপ্টার মৌলভীবাজার স্টেডিয়ামে অবতরণ করে। এসময় মরদেহবাহী হেলিকপ্টারে ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ, হুইপ ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের এমপি মো. শাহাব উদ্দিন, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের এমপি ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ আবদুস শহীদ।

মৌলভীবাজার স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণের পর একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে যাওয়া হয় মৌলভীবাজার শহরের ৩৬ শ্রীমঙ্গল রোড বেরীরপাড় (দর্জিমহল) এলাকায় মন্ত্রীর নিজ বাড়িতে। সেখানে দুপুর দেড়টা পর্যন্ত আত্মীয়-স্বজনরা শেষ শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ নেয়া হবে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে।

শহীদ মিনারে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বিকাল ৪টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.