Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৯

অবশেষে চূড়ান্ত অনুমোদন পেয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। এ খবরে হবিগঞ্জবাসীর মধ্যে যেন বাঁধভাঙা আনন্দ উল্লাস দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ডে বিশাল জনসভায় জেলাবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ৩টি বড় দাবি উপস্থাপন করেছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি।

দাবিগুলো হলো-হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ এবং শায়েস্তাগঞ্জকে উপজেলা ঘোষণা করা। বার বার নৌকার বিজয়ের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জের প্রতি বিশেষ দৃষ্টি থাকায় নিজের বক্তৃতার সময় সব দাবি বাস্তবায়নের ঘোষণা দিলে নিউফিল্ডে অবস্থিত লাখো জনতার মাঝে সৃষ্টি হয় উল্লাস। এই ঘোষণার অল্পদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর নামে বাস্তবায়ন হয় মেডিক্যাল কলেজ।

গত বছর নিকারের বৈঠকে ঘোষণা করা হয় শায়েস্তাগঞ্জকে নতুন এবং দেশের সর্বশেষ উপজেলা। সবচেয়ে বড় দাবি কৃষি বিশ্ববিদ্যালয়ও এবার বাস্তবায়নের পথে। সোমবার মন্ত্রীপরিষদের বৈঠকে কৃষি বিশ্ববিদ্যালয় আইন চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে।

মন্ত্রীপরিষদের সভা শেষে সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রীপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেন, ‘চলতি বছর ১ এপ্রিল মন্ত্রীপরিষদের সভায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন এর খসড়া কতিপয় পর্যবেক্ষণসহ নীতিগতভাবে অনুমোদন করা হয়েছিল। ৭ নভেম্বর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ থেকে ভেটিং গ্রহণ করা হয়। এই আইনে ৫৪টি ধারা ও ২৩টি অনুচ্ছেদ রয়েছে।’

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন চূড়ান্ত অনুমোদনের খবরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জকে গোপালগঞ্জ মনে করেন বলেই আমাদের সব দাবি আজ পূরণ হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় আইন চূড়ান্ত হওয়ায় হবিগঞ্জবাসী আজ আনন্দিত।’

তিনি হবিগঞ্জবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.