Sylhet Today 24 PRINT

আজ সিলেটে চালু হচ্ছে ‘নগর এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক |  ২৪ ডিসেম্বর, ২০১৯

নগরীর গণপরিবহন সঙ্কট দূর করতে সিলেটে চালু হচ্ছে ‘নগর এক্সপ্রেস’। আজ বুধবার সকাল ১১ টায় নগর ভবন থেকে এই সার্ভিসের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহবায়ক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান জানান, নগরী ও এর আশপাশ এলাকার লোকজনকে সেবা দিতে ৪১টি বাস নিয়ে প্রত্যাশিত এ পরিবহন যাত্রা শুরু করছে বুধবার।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নগর এক্সপ্রেস’এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি জানান, নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে চালু হচ্ছে নগর এক্সপ্রেস।

নগর এক্সপ্রেসের ৪১ বাসের মধ্যে নারীদের জন্য থাকছে আলাদা একটি বাস। যার চালক এবং সহযোগীও থাকবেন নারী।

মখলিছুর রহমান কামরান জানান, প্রাথমিকভাবে এই বাসগুলো টুকেরবাজার থেকে মেডিকেল রোড হয়ে হেতিমগঞ্জ যাবে। টুকেরবাজার থেকে বন্দর টু বটেশ্বর, সুরমা মার্কেট পয়েন্ট থেকে হেতিমগঞ্জ ও এয়ারপোর্ট থেকে কদমতলী হয়ে মোগলাবাজারের হাজীগঞ্জে যাবে। ইতিমধ্যে দক্ষ চালক ও সুপারভাইজার নিয়োগ সম্পন্ন হয়েছে। ভাড়াও নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা টিকিট কেটে সেবা গ্রহণ করবেন।

প্রসঙ্গত, এরআগে ২০০৮ সালে নিটলস মটরসের ৩৫ টি মিনি বাস নিয়ে ‘টাউন বাস’ সার্ভিস নামে ব্যক্তি উদ্যোগে সিলেটে গণপরিবহন সেবা চালু হয়েছিলো। তবে নানা কারণে লোকসানের মাথায় বছর তিনেক আগে বন্ধ হয়ে যায় এই সেবা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.