Sylhet Today 24 PRINT

পদ ধরে রাখলেন কামরান

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০১৯

সিলেট মহানগর কমিটির সভাপতির পদ হারালেও কেন্দ্রীয় কমিটির পদ থেকে রেখেছেন বদরউদ্দিন আহমদ কামরান। বৃহস্পতিবার ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন কামরান। এরআগের কমিটিতেও কামরান সদস্য পদে ছিলেন।

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান প্রায় তিন দশক সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন। গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের সম্মেলনে পদ হারান কামরান। এরপর থেকে তিনি কেন্দ্রীয় কমিটিতে কামরান মূল্যায়িত হতে পারেন বলে আলোচনা চলে। কামরানকে পদোন্নতি দেওয়া হতে পারে বলেও আশা ছিলো তার অনুসারীদের। তবে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনের পর ঘোষিত প্রাথমিক কমিটিতে কামরানের নাম না থাকায় অনেকটাই হতাশ হয়েছিলেন তার অনুসারীরা। তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে রাখা হয় কামরানকে।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে দলের ধানমন্ডি কার্যালয়ে এ পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের কাউন্সিল অধিবেশনে ৯ম বারের মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দলের সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.