Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কূপ থেকে শিশুর লাশ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ ডিসেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে গভীর কূপে সুমাইয়া (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২দিন পর শিশুটির লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে নাসিমা আক্তার নামে এক মহিলা কূপের ভিতরে লাশ দেখতে পেয়ে বাড়ির লোকদের জানান। পরে শিশুটির লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা নাজু বেগমের এই শিশুটিকে কেন্দ্র করে দ্বিতীয় স্বামী শহিদ মিয়ার সাথে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাতের খাবার খেয়ে মেয়েটি ঘর হতে বের হলে আর ফিরেনি। শনিবার দুপুরে নাসিমা আক্তার নামে এক মহিলা প্রায় ৭০ ফুট গভীর কূপের ভিতরে লাশ দেখতে পেয়ে বাড়ির লোকদের জানান।

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান শিশুর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় প্রথমে লাশ উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় সন্ধ্যায় শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.