নিজস্ব প্রতিবেদক | ১৬ সেপ্টেম্বর, ২০১৫
কানাইঘাট উপজেলার লক্ষীপাশা পূর্ব ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক বিধান চন্দ্র পাল (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার বিকেলে জকিগঞ্জ পৌর এলাকার গোলকচাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিকটে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।
স্থানীয়রা জানান, বিধান চন্দ্র পাল মোটর সাইকেল চালিয়ে জকিগঞ্জ আসার পথে দ্রুত গতির বেপরোয়া একটি লেগুনা গাড়ী তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনি মাথায় ও মুখে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তারা তাকে উন্নত চিকিৎসায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও সহকর্মী রয়েছেন।
জানাগেছে, ঘাতক লেগুনা গাড়ীর ড্রাইভারের দ্রুত গতি ও অদক্ষতার কারণে এ ঘটনা ঘটেছে। ড্রাইভারের বৈধ কোন কাগজপত্র নেই বলেও জানা যায়। তাঁর মৃত্যুতে জকিগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা পূজা পরিষদ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
পারিবারিক সূত্রে জানাগেছে, লাশ ময়না তদন্ত শেষে আজ বৃহস্পতিবার জকিগঞ্জের বড়চালিয়া গ্রামে তাঁর অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে। পুলিশ ঘাতক লেগুনা গাড়ী আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জকিগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।