সিলেটটুডে ডেস্ক | ১৬ সেপ্টেম্বর, ২০১৫
‘তৃণমূল পর্যায়ে নাট্য আন্দোলন ছড়িয়ে দেয়া এখন সময়ের দাবি।’
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর উদ্যোগে দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচীর অংশ হিসাবে “স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক” বিষয়ক সিলেট বিভাগীয় নাট্য নির্দেশক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে আয়োজিত নাট্য নির্দেশক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ কর্মশালার সহযোগিতায় ছিল সিলেট জেলা শিল্পকলা একাডেমি।
আক্তারুজ্জামান আরও বলেন, ‘নাট্য আন্দোলনকে এগিয়ে নিতে, বাংলাদেশের প্রতিটি বিভাগীয় পর্যায়ে আয়োজন করা হচ্ছে এ কর্মশালার। এ কর্মশালার মাধ্যমে নাট্য আন্দোলনকে উজ্জ্বীবিত করে নতুন একটি সুন্দর সমাজ বাস্তবায়নের প্রচেষ্টায় কাজ করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। গ্রুপ থিয়েটারের চর্চাকে আরো বাড়িয়ে নিতে ফেডারেশন বদ্ধপরিকর।’
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলির সদস্য অনিরুদ্ধ ধর শান্তনু’র সভাপতিত্বে ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট-এর প্রধান পরিচালক নিজামউদ্দিন লস্কর।
এছাড়াও বক্তব্য রাখেন কর্মশালার প্রশিক্ষক, নাট্যকার ও নাট্য নির্দেশক বাকার বকুল, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. জালাল উদ্দিন রুমি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী সদস্য হাবিবুর রহমান শাহীন, সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাসগুপ্ত ও নাট্য ব্যক্তিত্ব আমিরুল ইসলাম চৌধুরী বাবু।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই নাট্য নির্দেশক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রদর্শিত হয়, কর্মশালায় অংশগ্রহণকারীদের পরিবেশনায় চা শ্রমিকদের জীবন ও জীবিকাকে উপজীব্য করে কর্মশালায় নির্মিত একটি নাটিকা।
অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামানকে ফুল দিয়ে বরণ করেন সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের প্রধান পরিচালক নিজামউদ্দিন লস্কর। এছাড়াও কর্মশালার প্রশিক্ষক, নাট্যকার ও নাট্য নির্দেশক বাকার বকুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রশিক্ষণার্থীরা।
সিলেট জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত সিলেট বিভাগীয় নাট্য নির্দেশক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট’র পরিচালক নিরঞ্জন দে যাদু, নাট্য ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, আনোয়ার হোসেন রনি, বাবুল আহমেদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সহ-সভাপতি খোয়াজ রহিম সবুজ, নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন, মিশফাক আহমদ মিশু প্রমুখ।
উল্লেখ্য, সিলেট জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত কর্মশালাটি শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমী কমপ্লেক্সে গত ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়। ৬দিন ব্যাপী এই কর্মশালা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন নাট্যকার ও নাট্য নির্দেশক বাকার বকুল। এতে অংশ নেন- সিলেট বিভাগের প্রায় ২০টি নাট্য সংগঠনের ২৫জন নাট্যকর্মী।