Sylhet Today 24 PRINT

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২০

বুধবার সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বই উৎসব উপলক্ষ্যে এক বর্ণিল অনুষ্ঠান প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া ও জিওসি, ১৭ পদাতিক ডিভিশন এবং প্রধান পৃষ্ঠপোষক, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এসইউপি, এনডিইউ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিয়া যুবায়ের।

 শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথি নবনির্মিত বিভিন্ন ল্যাবরেটরি, লাইব্রেরি ও কিডস্ রিক্রেয়শন রুম উদ্বোধন করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও সমবেতভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পর বিশেষ অতিথি নির্বাচিত শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।

প্রধান অতিথি তার সমাপনী ভাষণে বলেন, শিক্ষার উদ্দেশ্য যেন শুধু সার্টিফিকেট সর্বস্ব না হয়। শিক্ষা যেন হয় সকলের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, মানবতার জন্য ও সামগ্রিক উন্নয়নের জন্য। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেদের প্রত্যাশার বোঝা তাদের উপর চাপিয়ে দিবেন না। পড়াশোনার পাশাপাশি তারা যেন শিষ্টাচার ও মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেদিকে খেয়াল রাখবেন। কখনো ব্যর্থ হলে তাকে তিরস্কার না করে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করুন। দেখবেন আপনার সন্তান ব্যর্থতাটুকুকে সফলতায় পরিপূর্ণতা দান করেছে।

অনুষ্ঠানে সিলেট এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকসহ আনুমানিক ১৫০০ জন অতিথি উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.