সুনামগঞ্জ প্রতিনিধি | ১৭ সেপ্টেম্বর, ২০১৫
“আমরা সারা মাসে বিদ্যুৎ পাই ১৫দিন তাই আজকে ঘোষণা করতে চাই আমরা ১৫ দিনের বিলই দেব এক মাসের দেবনা। যদি বিদ্যুৎ বিভাগের কোন লোক ১৫ দিনের বিলের বদলে এক মাসের বিলের জন্য আপনাদের কাছে আসে হাত ভেঙ্গে দিবেন। এই সুনামগঞ্জের মানুষ সব পারে। আজ বিদ্যুতের দুর্নীতি চরম পর্যায়ে পৌছে গেছে’’।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে পৌর চত্তরে বিক্ষোভ সমাবেশে সুনামগঞ্জ পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ূব বখত জগলুল এসব কথা বলেন।
পৌর চত্বর থেকে বিক্ষুব্দ বিদ্যুৎ গ্রাহকের মিছিল শুরু হয়ে শহরের কোর্ট পয়েন্ট এলাকায় গেলে পুলিশ বাঁধা দেয়। পুলিশের বাঁধা পেরিয়ে গ্রাহকরা তেঘরিয়াস্থ বিদ্যুৎ অফিস ঘেরাও করে।
পরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘন ঘন লোডেশিং বন্ধের আশ্বাস দিলে বিক্ষুব্ধ গ্রাহকরা ফিরে আসে।
এসময় বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আবাসিক প্রকৌশলীকে না পেয়ে ক্ষুব্ধ পৌর মেয়র বলেন, আমি অফিসের মধ্যে পিটিয়ে যাব, আমি পঞ্চাশ হাজার মানুষের প্রতিনিধি আমার নাগরিকের সুবিদা অসুবিদার জন্য যা করার প্রয়োজন তাই করব। প্রয়োজনে আপনাদেরও হাত বেঁধে নিয়ে যাব। আপনাদের এক সপ্তাহ সময় দিয়ে গেলাম এর মধ্যে সমস্যার সমাধান না করলে যা বলেছি তাই করা হবে। সাধারণ মানুষদের সাথে নিয়ে আরো কঠোর আন্দোলন যাব।
এর আগে পৌর চত্তরে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, প্যানেল মেয়র মনির আহমেদ, জসিম উদ্দিন দিলিপ প্রমুখ।
প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই সুনামগঞ্জ শহরে মূল সঞ্চালন লাইনে ত্রুটি থাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে।