বড়লেখা প্রতিনিধি | ১৭ সেপ্টেম্বর, ২০১৫
মৌলভীবাজারের বড়লেখায় লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা প্রবাসীর বৃদ্ধ বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৬ হাজার টাকা, ৪’শ ইউএস ডলার, ৫ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন সেটসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করেছে।
ডাকাত কবলিত বাড়ির লোকজন ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, বড়লেখা পৌর শহরের বালুচর গ্রামের লন্ডন প্রবাসী তজম্মুল আলী চৌধুরীর বাড়িতে বুধবার দিবাগত রাত তিনটার দিকে ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।
ডাকাতরা ঘরে প্রবেশ করে গৃহকর্তা তজম্মুল আলী ও তার স্ত্রীকে বেঁধে ফেলে। পরে ডাকাতরা বিভিন্ন কক্ষে আলমারি সহ আসবাবপত্র ভেঙে স্বর্ণালঙ্কার, ডলার, নগদ টাকা, মোবাইল ফোন সেটসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় ডাকাতি মামলা রুজুর প্রস্তুতি চলছে।