Sylhet Today 24 PRINT

আরিফের মেডিকেল রিপোর্টের ওপর শুনানি ২১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৫

সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর মেডিকেল রিপোর্টের ওপর আগামী ২১ সেপ্টেম্বর শুনানি অনুষ্ঠিত হবে। আরিফুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণের জন্য মেডিকেল বোর্ডের সুপারিশ গত বৃহস্পতিবার আদালতে উপস্থাপন করে কারা কর্তৃপক্ষ।

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় বর্তমানে কারাবন্দি আছেন আরিফুল হক।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া জানান, উন্নত থেরাপির জন্য আরিফুল হককে ঢাকায় প্রেরণের সুপারিশ করেছে অধ্যাপক ডা.ইসমাইল পাটওয়ারীর নেতৃত্বাধীন ৯ সদস্যের মেডিকেল বোর্ড।

তিনি জানান, মামলার পরবর্তী শুনানি আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। আদালতের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সরকারি বন্ধের দিন ছাড়া প্রতিদিন থেরাপি দিতে আরিফকে হাসপাতালে নেয়া হবে বলে জানান তিনি।

গত রোববার কিবরিয়া হত্যা মামলায় আরিফসহ ৩২ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। ওইদিন আরিফুল হকের আইনজীবীরা তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে আদালতে আবেদন জানান। আদালত ৪৮ ঘন্টার মধ্যে আরিফুল হকের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আদালতের আদেশ মঙ্গলবার সন্ধ্যায় সিলেট কারাগারে পৌঁছে।

কারা সূত্র জানায়, গত বুধবার সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত আরিফুল হকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য অধ্যাপক ডা. ইসমাইল পাটওয়ারীকে প্রধান করে ৯ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

বোর্ডের অন্য সদস্যরা হচ্ছেন-অধ্যাপক ডা. আলী আহসান চৌধুরী, ডা. মতিউর রহমান, ডা. প্রমোদ রঞ্জন, ডা. সাহাব উদ্দিন, ডা. দীপংকর নাথ, ডা. রাশেদুন্নবী, ডা. শাহ এমরান ও ডা. আবদুল্লাহ আল মামুন।

সূত্র জানায়, মেডিক্যাল বোর্ড আরিফের চিকিৎসার কাগজপত্র দেখে। তার পুরো বডি চেকআপ করা হয়। আরিফের হার্টে সমস্যা, ডায়াবেটিস, হাত-পা-কোমর ও ঘাড়ে ব্যথা রয়েছে। ব্যথার জন্য তিনি ঘাড় নাড়াতে পারেন না। তিনি দাঁড়াতে এবং হাঁটতেও পারছেন না।

আরিফুল হকের মূল চিকিৎসা হচ্ছে প্রতিদিন সকাল ও রাতে থেরাপি দেয়া। ওসমানী হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন বিভাগের ওয়ার্ড না থাকায় এখানে তাকে থেরাপি দেয়া সম্ভব হচ্ছে না। এজন্য মেডিক্যাল বোর্ড আরিফুল হক চৌধুরীকে চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করার বিষয়টি প্রতিবেদনে সুপারিশ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.