Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গ্যাস সিলিন্ডার জালিয়াতিকালে বিষ্ফোরণে ৩ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৫

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের একজন

সিলেটের গোলাপগঞ্জে গ্যাস সিলিন্ডার জালিয়াতির সময় বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোলাপগঞ্জ উপজেলার তৈপুর এলাকায় অবৈধভাবে গ্যাস বের করে অন্য সিলিন্ডার নেয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

দগ্ধ তিন জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। দগ্ধ তিনজনেরই শরিরের ৪০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক শিবলী জানান, দগ্ধরা গোপনে এলপি গ্যাস সিলিন্ডার থেকে অবৈধভাবে গ্যাস অন্য সিলিন্ডারে নেয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গোলাপগঞ্জের রণকেলি গ্রামের সুয়েদ আহমদ রাণাপিং তইপুরস্থ একটি ইট ভাটায় দুইটি রুম ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার জালিয়াতির ব্যবসা করে আসছিলেন। তিনি সিলিন্ডার থেকে গ্যাস নিয়ে খালি সিলিন্ডারে ভরে বাজারে বিক্রি করছিলেন।

শুক্রবার সন্ধ্যায় এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ ঘটে। এসময় ওই কাজে নিয়োজিত তিনজন আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.