Sylhet Today 24 PRINT

বড়লেখায় স্ত্রী-শ্বাশুড়িসহ ৪জনকে হত্যার পর যুবকের আত্মহত্যা

বড়লেখা প্রতিনিধি |  ১৯ জানুয়ারী, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় চারজনকে কুপিয়ে হত্যা করে ঘাতক আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

রোববার (১৯ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের দুর্গম এলাকা পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটে।

নির্মল নামে ওই ঘাতক প্রথমে তার স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এরপর ঠেকাতে আসলে প্রথমে শাশুড়িকে এবং পরে দুই প্রতিবেশীকে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে খুনি ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহের জের ধরে নির্মল নামে ওই যুবক চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নির্মল ছাড়া চারজনই চা বাগানের শ্রমিক।

বড়লেখা থানার কর্তব্যরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রোকসানা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন,অভিযুক্ত খুনি নির্মল মাদকাসক্ত ছিলেন।

হত্যার শিকার চারজন হলেন নির্মলের স্ত্রী জলি, শাশুড়ি লক্ষ্মী, প্রতিবেশী বসন্ত ও বসন্তের মেয়ে শিউলি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নির্মলের বাড়ি এই এলাকায় নয়। বছর খানিক আগে ডলির সঙ্গে তার বিয়ে হয়। তারপর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকছিলেন।

প্রতিবেশীরা জানান, ভোর ৫টার দিকে নির্মল ও ডলির মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ডলিকে মারধর করতে থাকলে ডলি দৌড়ে অন্য ঘরে বাবা মায়ের কাছে চলে গেলে নির্মল ধারালো অস্ত্র দিয়ে ডলিকে কোপাতে থাকে। মেয়েকে রক্ষা করতে শাশুড়ি ছুটে আসলে তাকেও কোপায় নির্মল। এরপর বসন্ত ও শিউলি সেখানে আসলে দুজনকে এলোপাথাড়ি কোপাতে থাকে নির্মল। পরে চারজনের মৃত্যু হলে নির্মল ঘরে গিয়ে আত্মহত্যা করে।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুখ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে আমরা যাচ্ছি। যতটা জেনেছি ঘাতক নিজেও আত্মহত্যা করেছে। বিস্তারিত স্পটে গিয়ে জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.