Sylhet Today 24 PRINT

ভর্তি বাণিজ্যের প্রতিবাদে সিলেট ল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জানুয়ারী, ২০২০

সিলেট ল কলেজে লাগামহীন ভর্তি আবেদন ফি, ভর্তি ফি, ফরম ফিলাপসহ নির্ধারিত সকল ফি সমূহ কমানো এবং অধ্যক্ষের শিক্ষা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় সিলেট ল' কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কলেজের সাবেক শিক্ষার্থী,ভর্তিইচ্ছুক শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, কোন জবাবদিহিতার তোয়াক্কা না করে ভর্তি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ । ভর্তির প্রাথমিক আবেদন ৩০০ টাকার স্থলে আবেদনকারী প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ১৫০০ টাকা নেওয়া হয়। ভর্তি ফি যেখানে ৮ হাজার থেকে ১০ হাজার টাকা থাকার কথা সেখানে ১৫ হাজার ৭০০ টাকা আদায় করা হয়। দ্বিতীয় পর্বে সমান সংখ্যক টাকা দিয়ে পুনরায় ভর্তি হতে হয়। এগুলো ছাড়াও অন্যান্য বিষয় যেমন, আইডি কার্ড, এডমিট কার্ড, ভাইভাসহ বেশ কিছু খাত দেখিয়ে হাজার হাজার টাকা দিতে বাধ্য করা হয়।

সকল অতিরিক্ত ফি আদায় বন্ধ করা না হলে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে এবং কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে বাধ্য করা হবে জানান আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা সঞ্জয় চৌধুরী, শহীদ অপু, শামীম আলী, সৌরভ দাস, মওদুদ আহমদ আকাশ, আলতাফ হোসেন মুরাদ, মাহমুদুল হাসান সানী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজল পাল, নাজমুল হোসাইন, সুজিৎ চন্দ্র নাথ, মাছুম আহমদ মাহী, মাহবুব আহমদ, সাব্বির, আলী হোসেন ঈমানী, ছাদিকুর রহমান, কাঞ্চন রায়, রুবায়েল আহমদ শাকিল, দিলোয়ার হোসেন রাহী, সুমন বাপ্পী, শাহরনি, জন কান্তি দাস, অপু দাস, সুব্রত দেবনাথ, এহসানুল হক, শিহাব, রভিউল, হাবিব, রাজীব রাজু, রাকীম, ইমরান আহমদ, রহিম উদ্দিন রাজু, তুফায়েল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.