Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় ফুটবল খেলোয়াড়ের মুক্তির দাবিতে মানববন্ধন

ধর্মপাশা সংবাদদাতা |  ১৯ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশায় ফুটবল খেলোয়াড় মহসিন মিয়ার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারী) দুপুর ১২ টায় উপজেলা বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার বলেন, মহসিন এই এলাকার একজন জনপ্রিয় ফুটবলার। তিনি এ পর্যন্ত কোন ধরনের অপরাধের সাথে জড়িত হয়নি ও হতেও শুনিনি; কিন্তু তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল বশর ঠাকুর খান বলেন, মহসিন মিয়া কখনো সমাজের অপরাধজনক কাজে জড়িত ছিলনা, অন্যায় ভাবে তাকে ফাঁসানো হয়েছে। আমরা তার মুক্তি চাই

মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বাদশাগঞ্জ বণিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফুটবল খেলোয়াড় ডা. আমিরুল ইসলাম, শাকিন শাহ্‌ প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারী জনি সাহা নামে এক বিকাশকর্মীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা ছিনিয়ে নিয়েছিল মুখোশধারিরা। এই মামলায় ফুটবল খেলোয়াড় মহসিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকাবাসীর দাবি মহসিন মিয়া এই ঘটনায় জড়িত ছিলেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.