Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ইউএনও অফিসের কর্মচারীদের কর্মবিরতি

দিরাই প্রতিনিধি |  ২০ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কর্মচারীরা ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছেন।

সোমবার ( ২০ জানুয়ারি) কর্মবিরতিকালে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ কাম ইউডিএ মোশাররফ হোসেন, সাঁটলিপিকার স্বপন কান্তি দাস, উচ্চমান সহকারী ফিরোজ মিয়া, অফিস সহকারী আব্দুর রাজ্জাক, অফিস সহকারী লিয়াকত আলী, হেপি রানী দাস।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এই কর্মবিরতি পালন করেন। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে কর্মরত ৩য় শ্রেণির কর্মচারীদের পদের বেতনস্কেল ও পদনাম পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এই আন্দোলন ডাক দিয়েছে।  

কর্মসূচির মধ্যে রয়েছে ২০ জানুয়ারি ও ২১ জানুয়ারি সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে ১১টা পর্যন্ত কর্মবিরতি, অফিস চত্বরে অবস্থান। ২২ থেকে ২৩ জানুয়ারি সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে ১২টা পর্যন্ত কর্মবিরতি, অফিস চত্বরে অবস্থান এবং সভা সমাবেশ। ২৭ থেকে ২৮ জানুয়ারি সকাল ৯ টা থেকে হাজিরা খাতায় স্বাক্ষর করে ৪ ঘণ্টা কর্মবিরতি, অফিস চত্বরে অবস্থান এবং সভা সমাবেশ। ২৯ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি মহান ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ। ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি, ২০২০ তারিখ সকাল ৯ টায় হাজিরা খাতায় স্বাক্ষর করে পূর্ণ দিবস কর্মবিরতি, অফিস চত্বরে অবস্থান এবং সভা সমাবেশ অনুষ্ঠিত হবে।

২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বাঙ্গালী সূর্য সন্তান, বীর শহীদদের প্রতি এবং মহান স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা নিবেদনের কারণে কর্মসূচি বিরতি টানা হবে বলে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.