Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ক্রেতাদের পছন্দ ছোট ও মাঝারি গরু

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং  |  ১৯ সেপ্টেম্বর, ২০১৫

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বানিয়াচংয়ের একমাত্র গরুর হাট ৫/৬নং বাজারে কোরবানির গরুর হাট জমতে শুরু করেছে। তবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত মিয়ানমার থেকে বৈধ অবৈধ পথে কোরবানির পশু আসার খবরে জেলার হাটের পাশাপাশি উপজেলা পর্যায়েও দামের প্রভাব পড়তে শুরু করেছে। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়,ছোট বড় ও মাঝারি সাইজের গরু ৩০ হাজার থেকে শুরু করে ৯০ হাজার টাকায় দামদর হাঁকানো হচ্ছে।

তবে মাঝারি সাইজের গরুই বেশী বিক্রি হচ্ছে । গরু বিক্রেতা আবুল মিয়া জানান,বাজার জমতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে। ক্রেতারা আসেন ঠিকই,তবে দাম কমতে পারে এই আশায় দরদাম করে চলে যান। কোরবানির গরু বিক্রি আগামী সোমবারের পর থেকে পুরোদমে শুরু হবে। সাধারনত গৃহস্থ,ক্রেতাদের পাশাপাশি এই হাটে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বেপারীরা ভিড় করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে,৫/৬নং বাজার গরুর হাটে স্বাভাবিক সময়ের চেয়ে এখন অনেক গরু আনা হয়েছে। গত বছরের যে গরুর দাম চাওয়া হয়েছে ২৫-৩০ হাজার টাকা, এইবার একই সাইজের গরুর দাম ৪০-৪৫ হাজার টাকা চাওয়া হচ্ছে।

তবে এই কোরবানির ঈদে গরুর দাম কিছুটা সহনীয় পর্যায়ে আছে বলে জানিয়েছেন এই হাটে গরু কিনতে আসা ক্রেতারা। বানিয়াচং ৫/৬নং বাজার গরুর হাটের ইজারাদার --- জানান,পর্যাপ্ত গরু থাকার পরেও ক্রেতা-বিক্রেতারা দেখেশুনে গরু ক্রয়-বিক্রয় করছেন। আশা করা যায়,দুইএক দিনের মধ্যে ভাল বেচাকেনা শুরু হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.