নিজস্ব প্রতিবেদক | ১৯ সেপ্টেম্বর, ২০১৫
রিকাবিবাজারস্থ কাজী নজরুল অডিটরিয়ামে সদ্য প্রয়াত সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ানের নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টার দিকে এ শোক সভায় বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত থাকার কথা থাকলেও আসেননি তারা।
শোকসভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, প্রবীণ আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত উপস্থিত থাকার কথা থাকলেও তাঁরা কেউ আসেননি।
নাগরিক শোকসভা আয়োজক কমিটির আহ্বায়ক বদরউদ্দিন আহমদ কামরান জানিয়েছেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফ্লাইট না আসায় আসতে পারেননি মন্ত্রীসহ জাতীয় নেতারা।
মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ নেতাদের অনুপস্থিতে খানিকটা বিলম্বে শুরু হয় এই বর্ষিয়ান নেতার শোকসভা। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মাহমুদউস সামাদ চৌধুরী, সংসদ সদস্য কেয়া চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
১৪ দলের শরীক বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন পেশাজীবী-সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দও আব্দুজ জহির চৌধুরীর শোকসভায় বক্তৃতা করেন।
গত ৯ সেপ্টেম্বর বিকেল ৪ টায় আব্দুজ জহির চৌধুরী নগরীর সাগরদিঘির পাড়স্থ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি বেশ কয়েক মাস থেকে খাদ্যনালীর ক্যান্সারে ভূগছিলেন।