Sylhet Today 24 PRINT

তাহিরপুরে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম নিয়ে ইউএনও’র মতবিনিময়

তাহিরপুর প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০২০

সুনামগঞ্জের তাহিরপুরে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সাথে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা করেছেন।

রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, চলতি বছর তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য ৭০টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। কাজগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে তিনি তাহিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের তদারকি ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সহযোগিতা কামনা করেন।নির্মাণ কাজে অনেক ত্রুটি বিচ্যুতি প্রতিনিয়ত সংবাদের মাধ্যমে প্রকাশ হলে বাঁধ নির্মাণ কাজে প্রশাসনের সহায়তা হবে বলে তিনি তার বক্তব্যে তুলে ধরেন।

সম্প্রতি ট্যাকেরঘাট গুচ্ছগ্রাম প্রকল্প নিয়ে নির্মাণ কাজ প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ট্যাকেরঘাটে ৬৯ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের অধীনে সরকারী পরিপত্রের অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক নির্মাণ কাজ সম্পন্ন হবে।

কমিটিতে সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সভাপতি সদস্য সচিব হবেন সহকারী কমিশনার (ভূমি), সদস্যরা হলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও পুনর্বাসিত পরিবারের একজন প্রতিনিধি থাকবেন।

এ সময় উপস্থিত সাংবাদিকগণ ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের বিভিন্ন তথ্যের কপি সাংবাদিকদের হাতে তুলে দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি বাবারুল হাসান বাবলু, সাধারণ সম্পাদক আলম সাব্বির, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ সাজ্জাদ হোসেন শাহ, সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সামায়ুন কবীর, আবির হাসান মানিক, আহাম্মদ কবীর, রোমান আহমেদ তুষা, শাবজল মিয়া, প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.