Sylhet Today 24 PRINT

মানুষ বাসায় বসে কোরমা-পোলাও খাচ্ছে, তাই ভোট দিতে আসেনি: পরিকল্পনামন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০২০

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঢাকা দুই সিটি করপোরেশনের নির্বাচনে যারা ভোট দিতে আসেনি তাদের একটি বড় অংশ খুব আরাম-আয়েশে বাসায় বসে কোরমা-পোলাও খাচ্ছে, এজন্য ভোটার উপস্থিতি কম।

তিনি বলেন, সিটি নির্বাচনে যারা ভোট দিতে আসেনি তাদের একটি বড় অংশ বাসায় বসে কোরমা-পোলাও খাচ্ছে। সরকারের ওপর আস্থা বেশি আছে বলেই আরামে খাচ্ছে তারা। সরকার ভালো কাজ করছে এজন্য আরামে ঘুমাচ্ছে ভোটাররা।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সিটি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, শুধু সিলেট নয় সারাদেশের উন্নয়নে কাজ করছে সরকার। বর্তমান সরকার দেশের মানুষকে অত্যন্ত শান্তিতে রেখেছেন যে কারণে সরকারের ওপর বেশি আস্থা রয়েছে জনগণের।

দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, হাওর উন্নয়ন বোর্ডের আওতায় সড়ক নির্মাণ, বাঁধ নির্মাণ, নদী খনন ও বনায়ন কর্মসূচি হাতে আছে। বিশেষ করে হাওরের জন্য অনেক প্রকল্প রয়েছে। হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সরকার। এসব এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করতে বিশেষ বরাদ্দ দেয়া হচ্ছে। বরাদ্দের মাধ্যমে টিউবওয়েল স্থাপন করা হবে।

জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.