Sylhet Today 24 PRINT

হবিগঞ্জ কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০২০

হবিগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে গোলাপ মিয়া (৩৯) নামের এ কয়েদি মারা যান। নিহত গোলাপ মিয়া হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূঁইয়া।

তিনি বলেন, বেশ কয়েকদিন ধরেই গোলাপ মিয়া শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার দুপুরে তিনি অসুস্থ হলে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রাতে আবারও তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ড. দেবাশীষ দাস বলেন, গোলাপ মিয়া শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের রোগী ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.