Sylhet Today 24 PRINT

আখাউড়া-সিলেট রুটে রেলের কাজ দ্রুত শুরু হবে : রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২০

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে রেলওয়ের ১৮ একর ভূমি, স্থাপনা ও রোপওয়ে রক্ষা এবং আখাউড়া থেকে সিলেট রুটে রেলের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অবস্থিত রেল স্থাপনা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, বিলীন হওয়ার হাত থেকে ভোলাগঞ্জে রেলওয়ের ভূমি কীভাবে রক্ষা করা যায়, এ বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। আপাতত ভোলাগঞ্জে রেলওয়ের ভূমি ও স্থাপনা দেখা হচ্ছে। এছাড়া রোপওয়ে আবার করা যাবে কিনা এ বিষয়ে মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান রেলমন্ত্রী।

এর আগে তিনি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামানকে সঙ্গে নিয়ে রেলওয়ের ভূমি, স্থাপনা, রোপওয়ে, বাঙ্কার পরিদর্শন করেন। পরে তিনি ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকার ধলাই নদীও ভ্রমণ করেন

জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে বাংলাদেশ রেলওয়ের রোপওয়ে বাঙ্কার দিয়ে ছাতকে পাথর পরিবহন করা হতো। তবে ক্ষমতাসীনদের আগ্রাসনে বিলিন হওয়ার পথে রেলওয়ের স্থাপনাটি।

২০১০ সালে রেলওয়ে ওই স্থান রক্ষায় নিজস্ব নিরাপত্তারক্ষী দিলেও রাতের আঁধারে ‘পাথরখেকোরা’ বাঙ্কার এলাকা থেকে পাথর উত্তোলন অব্যাহত রাখে। ফলে রোপওয়ে লাইনের খুঁটিগুলোও পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। কয়েক যুগ পর এবার মন্ত্রীর সুনজর পড়েছে ওই এলাকায়।  

পরে মন্ত্রী রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সড়ক পথে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা সদরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ের একমাত্র স্লিপার কারখানা পরিদর্শনের যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.