Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ পর্যন্ত যাবে সিলেট-ছাতক রেলপথ : রেলমন্ত্রী

ছাতক প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০২০

সিলেট-ছাতক রেলপথকে সুনামগঞ্জ পর্যন্ত বর্ধিত করার কাজ দ্রুতই শুরু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। পরবর্তীতে এ লাইন মোহনগঞ্জ-নেত্রকোনা হয়ে ঢাকার সাথে সংযোগ করার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান তিনি।

রোববার (৯ ফেব্রুয়ারি) বন্ধ থাকা রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান ছাতক কংক্রিট স্লিপার কারখানা পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেছেন, শীঘ্রই ছাতক কংক্রিট স্লিপার কারখানা ব্রডগেজ স্লিপার উৎপাদন উপযোগী করে চালু করা হবে। এছাড়াও দেশের রেলপথ ব্যবস্থাকে আধুনিকায়ন, যুগপোযুগী নিরাপদ ও জনকল্যাণকর যাতায়াত মাধ্যম হিসেবে গড়ে তুলা হবে।

সিলেট-ছাতক রেলে তিনগুণ বগীবৃদ্ধি করার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ছাতকসহ দেশের বিভিন্ন অঞ্চলে দখলকৃত রেলওয়ের ভূমি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এর আগে সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে অবস্থিত রেল স্থাপনা পরিদর্শন করেন রেলমন্ত্রী।।

স্লিপার কারখানা পরিদর্শনকাল রেলওয়ে বিভাগের মহা পরিচালক মোহাম্মদ সামছুজ্জামান, রেলওয়ে পূর্বাঞ্চলের মহা-ব্যবস্থাপক নাসির উদ্দিন, এডিজি (আই) ধীরেন্দ্র নাথ মজুমদার, চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) মোহাম্মদ সুবক্তগীন, ঢাকার ডিভিশন্যাল জেনারেল ম্যানেজার এএম সালাহ উদ্দিন, সুনামগঞ্জের সহকারী জেলা প্রশাসক রাশেদ ইকবাল, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সহকারী কমিশনার(ভূমি) তাপস শীল, রেলওয়ের নির্বাহী প্রকৌশলী সুলতান আহমদ, এএসপি বিল্লাল হোসেন, ওসি মোস্তফা কামালসহ রেলওয়ে বিভাগের বিভিন্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.