Sylhet Today 24 PRINT

বাদ পড়লেন মিসবাহ সিরাজ, সিলেটের নতুন পিপি নিজাম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক  |  ১০ ফেব্রুয়ারী, ২০২০

টানা তিন মেয়াদে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করা মিসবাহ উদ্দিন সিরাজকে এ পদ থেকে বাদ দেওয়া হয়েছে।

মিসবাহ উদ্দিন সিরাজের বদলে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে অ্যাডভোকেট নিজাম উদ্দিনকে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে রোববার তাকে এ পদে নিয়োগ দেয়।

সিলেটের প্রধান সরকারি আইন কর্মকর্তা হওয়ার বিষয়টি মৌখিকভাবে শুনেছেন বলে জানিয়েছেন নিজাম উদ্দিন।

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সিলেট জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সিলেট জজ কোর্টে আইন পেশায় যুক্ত রয়েছেন।

গত দশ বছর সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদ থেকে বাদ পড়েন মিসবাহ সিরাজ। এরপর তাকে পিপি পদও হারাতে হলো।

সিলেটের পিপি পদে অ্যাডভোকেট নিজাম ছাড়াও আলোচনায় ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী। তবে শেষ পর্যন্ত অ্যাডভোকেট নিজাম উদ্দিনকেই নিয়োগ দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.