Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ইউপি মেম্বারের মরদেহ উদ্ধার

বানিয়াচংয় প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০২০

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুর পাড় থেকে এক ইউপি মেম্বারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পুকড়া গ্রামের ফারুক মিয়ার পুকুর পাড় থেকে ইউপি মেম্বার অরুণ দাশের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার। অরুণ দাশ পশ্চিম পুকড়া গ্রামের মৃত অনীশ দাশের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সোমবার তিনি শ্বশুর বাড়ির পার্শ্ববর্তী কবিরপুর গ্রামে একটি ধর্মীয় উৎসবে যান অরুণ দাশ। সন্ধ্যায় ছেলে অনন্ত দাশের সাথে মোবাইল ফোনে কথাও হয়। এরপর থেকে পরিবারের সাথে আর যোগাযোগ ছিলনা তার। মঙ্গলবার হাওরে কাজ করতে যাওয়ার সময় তার ভাগ্নে জগদীশ দাশ পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। খবর পেয়ে মঙ্গলবার  হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, বানিয়াচং-আজমিরিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম ও বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ব্যাপারে তদন্ত চলছে। আমরা আশা করছি দ্রুত প্রকৃত রহস্য উদঘাটন করতে পারব। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.