Sylhet Today 24 PRINT

ছাতকে মেছো বাঘ উদ্ধার

ছাতক প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০২০

সুনামগঞ্জের ছাতকে একটি মেছো বাঘের ছানা উদ্ধার করেছে উপজেলা বিট কর্তৃপক্ষ। রোববার (১৬ ফেব্রুয়ারি) গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর মাঝপাড়া থেকে এ বাঘটিকে উদ্ধার করে উপজেলা বিট কর্মকর্তা নিথিশ চক্রবর্তী।

এর আগে এই মেছো বাঘের ছানাটিকে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর মাঝপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের বাড়ি থেকে রোববার সকালে আটক করে এলাকাবাসী। এদিকে মেছো বাঘের ছানা আটক হয়েছে এমন সংবাদে এলাকার উৎসুক জনতা দিনভর ওই বাড়িতে ভিড় জমায়।

জানা যায়, মৃত আবুল হোসেনের পুত্র স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার দিলোয়ার হোসেন নজমুলের বাড়ির বাংলাঘরে রোববার ভোরে মেছো বাঘের এ ছানাটি দরজা খোলা অবস্থায় রুমের ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির লোকজন মেছো বাঘটি আটক করে। সংবাদ পেয়ে উপজেলা বিট কর্মকর্তা নিথিশ চক্রবর্তী ঘটনাস্থল থেকে বাঘের ছানাটি উদ্ধার করে নিয়ে আসেন।

এ ব্যাপারে বিট কর্মকর্তা বলেন, বাঘের আকৃতি হলেও এটি একটি মেছো বিড়াল। সাধারণত স্থানীয় লোকালয় থেকে বেরিয়ে এসেছে হাঁস মোরগ ধরে খায়। এটির বয়স আনুমানিক প্রায় এক বছর হবে। তিনি বলেন, স্থানীয় হাদা টিলার সংরক্ষিত বনে এটিকে অবমুক্ত করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.