Sylhet Today 24 PRINT

বাহুবলে পটকা মাছ খেয়ে হাসপাতালে ১৮ জন

বাহুবল প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০২০

হবিগঞ্জের বাহুবলে পটকা মাছ খেয়ে একই পরিবারের ১৪ জনসহ ১৮ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

উপজেলার লামাতাশী ইউনিয়নের বড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন- আরফান উল্লাহ (৬৫), সিতারা খাতুন (৫৫), আব্দুল জলিল (৩০), তাছলিমা খাতুন (২০), মাহমুদা আক্তার (১৬), চাঁন বানু (২৫), নাছিম (৫), তানিসা আক্তার (৭), সুহেনা আক্তার (৩০), তামিম (৮), আব্দুল মতিন (৪৫), আব্দুল মতলিব (৩৮), আব্দুল মোতালিব (৩৫), তানভির (২), তামান্না (১৪), শাহাবুদ্দিন (২৬), শাহীন (১৮) ও এমরান (২৬)। এদের মধ্যে আরফান উল্লাহ, আব্দুল জলিল, সিতারা খাতুন ও সুহেনা আক্তারের অবস্থা গুরুতর।

স্থানীয় ইউপি সদস্য নৃপেশ চন্দ্র দেব জানান, বাহুবল উপজেলার মিরপুর বাজারের ফার্নিচার ব্যবসায়ী আব্দুল জলিল শনিবার রাতে মিরপুর ভিতর বাজার থেকে পটকা মাছ কিনে নেন। পরদিন রোববার দুপুরে দোকান কর্মচারী ও বাড়ির কাজের লোকসহ পরিবারের সবাই খাবারের সময় পটকা মাছের ভাজি খান। পরে ওই দিন সন্ধ্যার দিকে একে একে সবাই অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

এরই মাঝে মাছের ফেলে দেওয়া উচ্ছিষ্ট অংশ খেয়ে তাদের ঘরে থাকা একটি পোষা বিড়াল ও চারটি মোরগ মারা যায়। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে রাতেই আক্রান্ত সবাই উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শামীমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে পটকা মাছ খাওয়ায় বিষাক্রান্ত হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অসুস্থ সবাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.