Sylhet Today 24 PRINT

হাওর উৎসবে শুক্রবার শাল্লা আসছেন রাষ্ট্রপতি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২২ ফেব্রুয়ারী, ২০২০

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে আগামি ২৮ ও ২৯ মার্চ হাওর উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রাষ্ট্রপতি আসা উপলক্ষে শাল্লায় হাওর উৎসবের নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ ও পুলিশ সুপার মিজানুর রহমান।  

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাল্লা গ্রামে নির্ধারিত হাওর উৎসবের স্থান পরিদর্শন করেন তারা।  এসময় নির্ধারিত স্থান ছাড়াও উপজেলা সদরসহ আশেপাশের এলাকা ঘুরে দেখেন তারা। উৎসবের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে এলাকার লোকজনের সাথে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, শাল্লা  উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মুক্তাদির হোসেন, শাল্লা থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম প্রমুখ।  

উল্লেখ্য, আগামি ২৮ ও ২৯ মার্চ দুই দিনব্যাপী হাওর উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হাওর উৎসবের সদস্য সচিব ডা. আবুল কালাম চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.