Sylhet Today 24 PRINT

সিলেটের ব্যবসায়ীদের সৃষ্টিশীল মনোভাবের অভাব রয়েছে: চেম্বার সভাপতি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২০

সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে নানামুখী ব্যবসার সাথে ব্যবসায়ীদের যুক্ত হতে হবে। বিশেষ করে কৃষিভিত্তিক ব্যবসার দিকে ব্যবসায়ীদের এগিয়ে যাওয়া উচিত। কারণ বাংলাদেশে খাদ্যের প্রচুর চাহিদা রয়েছে। খাদ্য উৎপাদনে নতুন উদ্যোক্তারা এগিয়ে এলে দেশ খাদ্যে স্বনির্ভর হবে এবং সেই সাথে উদ্যোক্তারাও দারুণভাবে লাভবান হবেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় চেম্বার কনফারেন্স হলে স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ ট্রেনিং ইন্সটিটিউট (স্কিটি), শিসকে বিসিক সিলেট ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে 'নতুন ব্যবসায় অর্থায়ন' শীর্ষক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, শিল্প খাতে সিলেট অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। কিন্তু সিলেটের ব্যবসায়ীদের মধ্যে সৃষ্টিশীল মনোভাবের অভাব রয়েছে। যার ফলে দেখা যায় হোটেল-রেস্টুরেন্টের মত একধরণের ব্যবসার প্রতি ব্যবসায়ীরা বেশী আগ্রহী।

তিনি বলেন, ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সিলেট চেম্বার কাজ করে যাচ্ছে। সফল উদ্যোক্তা হতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। নবীন উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সিলেট চেম্বার বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সাথে সারা বছরব্যাপী সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি আয়োজন করে থাকে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি চন্দন সাহা, পরিচালক ও কৃষিজাত শিল্প সাব কমিটির আহবায়ক আলীমুল এহছান চৌধুরী, স্কিটির সহযোগী অনুষদ সদস্য মো. শওকত হাসান। এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল, সিনিয়র কর্মকর্তা মিনতি দেবী, বিসিক সিলেটের প্রোগ্রাম কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ও প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.