Sylhet Today 24 PRINT

যানজট, জলজট, হকারজট

নিজস্ব প্রতিবেদক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৫

যানজট, জলজট, হকারজট- এই তিন জটে জটিল হয়ে উঠেছে নগরবাসীর জীবন। বিশেষত ঈদ মৌসুমে তিন জটের কারণে দূর্বিসহ হয়ে পড়েছে নগরজীবন।

সড়কজুড়ে তীব্র যানজট আর ফুটপাতজুড়ে হকার জট- সিলেট নগরীর এটি প্রতিদিনকারই চিত্র। তবে গত কয়েকদিন ধরে এই দুই জট একেবারে অসহনীয় ওঠেছে। তার উপর কয়েকদিনের বৃষ্টিতে নগরজুড়ে দেখা দিয়েছে জলজট। বিভিন্ন রাস্তায় জমেছে পানি। ভাঙ্গাচোরা রাস্তায় পানি জমায় পথচারিদের পড়তে হচ্ছে সবচেয়ে বিপাকে।

বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা শিহাব আহমদ। দুপুরে বেড়িয়েছিলেন অফিসের কাজে। তীব্র যানজটের কারণে জিন্দাবাজার এলাকা হেঁটেই পেরোচ্ছিলেন। আবার এই এলাকার সকল ফুটপাত হকারদের দখলে থাকায় রাস্তার পাশ দিয়েই কষ্ট করে হাঁটতে হচ্ছিল তকে। আচমকা পিছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল শিহাবের সামনে এসে রাস্তার গর্তে পড়ে। ওমনি গর্তে জমা পানি ছলকে পড়ে শিহাবের উপর। ময়লা পানিতে ভিজে যায় শিহাবের পোষাক। অগত্যা জরুরী কাজ ফেলে বাড়ি ফিরতে হয় তাকে। বুধবার নগরীতে এমন দূর্ভোগের শিকার হতে হয়েছে অনেককেই।

বুধবার দুপুরে নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড় ঘুরে সব কটিতেই তীব্র যানজট দেখা গেছে। বৃষ্টিতেও কমছে না যানজট।

এদিকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, সুরমা মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, ফুটপাতজুড়ে পণ্যের পসরা সাজিয়ে বসেছন হকাররা। অনেকে সামিয়ানা টাঙ্গিয়ে অনেকটা স্থায়ী দোকান গড়ে তুলেছেন ফুটপাতে। ফুটপাত দখল করে গড়ে ওঠা এসব দোকানে অবৈধভাবে লাগানো হয়েছে বিদ্যুৎ সংযোগও।

মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের দাবি, মহাসড়কে নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশাগুলো নগরে ঢুকে পড়েছে। এ কারণে যানজট আগের চেয়ে বেড়েছে। ফুটপাত দলমুক্ত করতে প্রচেষ্টা চলছে বলেও দাবি পুলিশের।

একই দাবি নগর কর্তৃপক্ষেরও।

নগরীর বন্দরবাজার, সিটি পয়েন্ট, সুরমা পয়েন্ট, তালতলা, কাজিরবাজার, লালদিঘিরপার, ধোপাদিঘিরপার, সোবহানীঘাট, শিবগঞ্জ, মীরাবাজার, টিলাগড়, নাইওরপুল, জেলরোড, নয়াসড়ক, কুমারপাড়া, বারুতখানা, জল্লারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, পুলিশ লাইনস, পাঠানটোলা, আম্বরখানা, জিন্দাবাজার ও চৌহাট্টায় যানজট পরিস্থিতি সবচেয়ে খারাপ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ বলেন, মহাসড়কের অন্তত ১৮ হাজার নিষিদ্ধ অটোরিকশা নগরে ঢুকেছে। এ জন্য যানজট অসহনীয় রূপ নিয়েছে।

তিনি বলেন, হকারদের উচ্ছেদ করে দিলে আবার বসে পড়ে। এদের পুণর্বাসন করা না গেলে ফুটপাত দখলমুক্ত করা কঠিন।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘অবৈধ রিকশা ও অনুমোদনহীন ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আমরা প্রায়ই অভিযান চালাই। ফুটপাত উচ্ছেদেও ব্যবস্থা নিই। তবে পুলিশেরও উদ্যোগ নেওয়া উচিত।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.